বাজেট ঘোষণার দিনেই কমলো সোনার দাম, ভরিতে হ্রাস ৪ হাজার ৪৩২ টাকা

২২ ক্যারেটের সোনা নেমে এলো ২ লাখ ১৮ হাজার ৭৮২ টাকায়, কমেছে রুপার দামও

টুইট ডেস্ক: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম নির্ধারণের তথ্য জানায়। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি সোনার দাম কমে যাওয়ার প্রভাবে স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দরে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৮২ টাকা। এর আগে এ মানের সোনার দাম ছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে আসন্ন বাজেটে স্বর্ণ খাতে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে স্বর্ণ ও স্বর্ণালংকার কেনাবেচায় মোট মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) দিতে হয়।

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্ধারিত অঙ্কের ভ্যাট আরোপের বিষয়টি বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাব অনুযায়ী, প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হতে পারে।

বর্তমান বাজারমূল্য অনুযায়ী প্রতি ভরি স্বর্ণালংকারে ভ্যাটের পরিমাণ ১০ হাজার টাকার বেশি হয়ে থাকে। একই সঙ্গে উৎসে কর কমানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।