মাদক ও বাল্যবিবাহ রুখতে শিক্ষার্থীদের পাশে ওসি রুহুল আমিন

মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান। তারাগঞ্জে সচেতনতামূলক সভায় ওসি রুহুল আমিনের বার্তা।

নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ: মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর অপরাধ দমন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ওসি রুহুল আমিন বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হয়ে এর থেকে দূরে থাকতে হবে।

তিনি আরও বলেন, খারাপ সঙ্গ একজন মেধাবী শিক্ষার্থীকেও বিপথগামী করতে পারে। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যা নিজের ও পরিবারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

বাল্যবিবাহের কুফল তুলে ধরে তিনি বলেন, অল্প বয়সে বিয়ে শিক্ষাজীবন ব্যাহত করে এবং ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলে। বিশেষ করে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায় এবং আত্মপ্রতিষ্ঠার সুযোগ সীমিত হয়ে পড়ে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়ালেখাই জীবনের মূল ভিত্তি। মোবাইল আসক্তি, মাদক, অপরাধ ও অনাকাঙ্ক্ষিত সম্পর্ক থেকে দূরে থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তাদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে ওসি তাদের উত্তর দেন এবং জীবন গঠনে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।