বান্দরবান সেনা জোনের আয়োজনে সম্প্রীতির ভলিবল টুর্নামেন্ট

সেনাবাহিনী ও স্থানীয় ক্রীড়াবিদদের অংশগ্রহণে সৌহার্দ্য-বন্ধনের বার্তা
বান্দরবান প্রতিনিধি: পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে বান্দরবান সেনা জোন মাঠে অনুষ্ঠিত হয়েছে “সম্প্রীতির ভলিবল টুর্নামেন্ট-২০২৬”। প্রতিযোগিতায় অংশ নেয় বান্দরবান সেনা জোন দল ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ দল।
টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসি এবং জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলোয়াড়দের নৈপুণ্য, দলগত সমন্বয় ও কৌশলী খেলায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। খেলা শেষে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়, যাতে স্থানীয় পর্যায়ে খেলাধুলার কার্যক্রম আরও গতিশীল হয়।
এ আয়োজনকে ঘিরে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।







