নোয়াখালী-৬ ও নারায়ণগঞ্জ-৪ উন্নয়ন সমন্বয়ে এমপি মাধবী মার্মা

পার্বত্য তিন জেলার পাশাপাশি সমতলের দুই আসনের দায়িত্বে নতুন চ্যালেঞ্জ, দ্রুত অগ্রগতির আশাবাদ।

বান্দরবান প্রতিনিধি: ৩৪ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মাকে পার্বত্য তিন জেলার পাশাপাশি সমতলের নোয়াখালী-৬ ও নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনে জীবনে প্রথমবার অংশ নিয়েই এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এক বার্তায় সংরক্ষিত আসনের এমপি হিসেবে নির্বাচিত করা এবং একই সঙ্গে দুই সমতল আসনের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান মাধবী মার্মা। পাশাপাশি বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করে মাধবী মার্মা বলেন, উন্নয়ন সমন্বয়ের মাধ্যমে পার্বত্য ও সমতল এলাকার মধ্যে ভারসাম্যপূর্ণ অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন তিনি। মাধবী মার্মা বলেন, “এটি বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়। বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।”

পার্বত্য তিন জেলার সঙ্গে সমতলের দুই আসনের দায়িত্ব পাওয়ায় চ্যালেঞ্জও বড় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরাসরি সমন্বয়ের সুযোগ থাকায় উন্নয়ন কার্যক্রম দ্রুত এগোবে বলে আশা করা হচ্ছে।