প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে বান্দরবান পুলিশের নিরাপত্তা ব্রিফিং

ভিভিআইপি নিরাপত্তায় শৃঙ্খলা, সতর্কতা ও পেশাদারিত্বের ওপর জোর

বান্দরবান প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর উপলক্ষে কক্সবাজার জেলায় দায়িত্ব পালনে নিয়োজিত বান্দরবান জেলা পুলিশের সদস্যদের নিয়ে বিশেষ নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব পালনের কৌশল, করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার শৃঙ্খলা, পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভিভিআইপি সফরের সময় সামান্য অসতর্কতাও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রিজার্ভ অফিসার ইনচার্জ (আরআই) এবং পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন জেলায় সমন্বিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।