চট্টগ্রামে মন্দির ইস্যুতে সংঘর্ষ, আহত ৪

নন্দনকাননে ইসকন ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা, পুলিশি নজরদারি জোরদার

টুইট ডেস্ক: চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় মন্দির ও জমির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইসকনের অনুসারী এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন এবং একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) ভোররাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ৩টার দিকে ইসকনের একদল অনুসারী নন্দনকানন এলাকার লোকনাথ মন্দিরসংলগ্ন স্থানে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে মন্দিরসংলগ্ন একটি কক্ষ ভাঙচুর এবং কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার হোসাইন কবির ভূঁইয়া জানান, লোকনাথ মন্দিরকেন্দ্রিক বিরোধের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয়দের দাবি, লোকনাথ মন্দিরসংলগ্ন কিছু খাসজমির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, ইসকনের কিছু অনুসারী ধাপে ধাপে মন্দির ও আশপাশের জমির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তবে এ বিষয়ে ইসকনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে চট্টগ্রামে ইসকনের বিরুদ্ধে জমি দখল, চুক্তি লঙ্ঘন এবং মন্দিরের নামে অনুদান সংগ্রহের অভিযোগও উঠেছিল। সে সময় কয়েকটি ধর্মীয় ও সামাজিক সংগঠন প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছিল।

সংঘর্ষের পর নন্দনকানন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, উভয় পক্ষের বক্তব্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।