ইসলামী ব্যাংক দখলের চেষ্টা প্রতিহত করবে জনগণ

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ।
টুইট প্রতিবেদক: দেশের মানুষ কোনোভাবেই লুটেরাদের হাতে ইসলামী ব্যাংক চলে যেতে দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘আমি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছি একজন গ্রাহক হিসেবে। দেশের মানুষ লুটপাটকারীদের হাতে এই প্রতিষ্ঠানকে তুলে দিতে প্রস্তুত নয়। জনগণ ব্যাংকটির স্বার্থ রক্ষায় সচেতন রয়েছে।’
দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের পক্ষে জনগণের সমর্থন চাইলেও এখন সেই জনরায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ গণভোটের পক্ষে মত দিয়েছে। কিন্তু সরকার সেই রায়ের প্রতি সম্মান দেখাচ্ছে না। এটি জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর নতুন চাপ সৃষ্টি না করে সরকারকে দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থে সরকারের উচিত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি নিশ্চিত করা।






