শের-ই-বাংলা মেডিকেলের স্টোরে আগুন

অর্ধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ক্ষতিগ্রস্ত ওষুধ ও বৈদ্যুতিক সংযোগ।

টুইট প্রতিবেদক:বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালের নিচতলায় অবস্থিত স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। দ্রুত পদক্ষেপের ফলে আগুন বড় ধরনের ক্ষয়ক্ষতির আগে নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে স্টোর রুম থেকে ধোঁয়া বের হতে দেখে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোগী, স্বজন ও কর্মচারীদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের দুটি ইউনিট দ্রুত হাসপাতালে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন হাসপাতালের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা মূলত ঘন ধোঁয়া দেখতে পান। আগুন সীমিত পরিসরে থাকায় দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ জানান, আগুনে স্টোর রুমে সংরক্ষিত কিছু ওষুধ এবং বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুনের উৎস শনাক্তে তদন্ত চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চিকিৎসাসামগ্রী সংরক্ষণের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত শেষে প্রকৃত কারণ উদ্ঘাটিত হলে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।