বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ার কাহালুতে পরিবেশ দূষণের অভিযোগে উদ্বেগ; তদন্তের আশ্বাস প্রশাসনের

টুইট প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলার বাখরা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পাশেই অপরিশোধিত তেলের ডাম্পিং পয়েন্ট স্থাপনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাসায়নিক মিশ্রিত বর্জ্য ও তেলজাতীয় পদার্থের কারণে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়সংলগ্ন মাঠের বিভিন্ন অংশ ময়লা-আবর্জনা ও তৈলাক্ত পানিতে আচ্ছন্ন। পাশের একটি পুকুরে সাদা রঙের বিপুলসংখ্যক বস্তা ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, এসব বস্তায় বিভিন্ন ধরনের শিল্পবর্জ্য ও রাসায়নিক মিশ্রিত পদার্থ রয়েছে। সেগুলো পচে তেলজাতীয় পদার্থ বের হচ্ছে, যা কিছু ব্যবসায়ী কম দামে সংগ্রহ করে বিভিন্ন কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহীন বাদশা বলেন, রাসায়নিক মিশ্রিত বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে আশপাশের মানুষের শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যা দেখা দিচ্ছে। স্থানীয় যুবক কামরুজ্জামানও ডাম্পিং কার্যক্রমের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ করেন।

বিদ্যালয়ের অভিভাবক আতোয়ার রহমান বলেন, দূষিত পানির সংস্পর্শে এসে তাঁর সন্তান অসুস্থ হয়ে পড়েছিল। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিবেশগত ঝুঁকি অব্যাহত থাকলে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে নিরুৎসাহিত হবেন।

এলাকাবাসী দ্রুত ডাম্পিং পয়েন্টটি অন্যত্র স্থানান্তর এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের মৌখিকভাবে সতর্ক করেও কোনো সমাধান পাওয়া যায়নি। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন বলেন, বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।