কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

এমপির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, আহত একাধিক।
টুইট প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপি ও যুবদলের দুই নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে বনগ্রাম বাজার ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন সহশ্রাম উপজেলার ধুলাদিয়া ইউনিয়নে একটি সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে তার বনগ্রাম বাজারে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে না গিয়ে সরাসরি অন্যত্র চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু ও বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে উভয় নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র, টেঁটা, বল্লম ও ইটপাটকেল ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
সংঘর্ষের বিষয়ে যুবদল নেতা আনোয়ার হোসেন অভিযোগ করেন, সংসদ সদস্যের উপস্থিতিতে বনগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামকে বিএনপি নেতা মুঞ্জুরুল হক পিন্টু অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে এমপি চলে যাওয়ার পর প্রতিপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে হামলা চালায় বলে তিনি দাবি করেন।
তবে এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মুঞ্জুরুল হক পিন্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি যাতে আর অবনতির দিকে না যায় এবং শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে দলীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিএনপি ও যুবদলের দুই নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় নেতৃত্বের দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সংঘাতের প্রবণতা বাড়ছে। কটিয়াদীর এ ঘটনা সেই বাস্তবতারই আরেকটি প্রতিফলন বলে মনে করা হচ্ছে।






