সম্পাদকদের নতুন প্ল্যাটফর্ম ‘এনইসি’ আত্মপ্রকাশ

সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত স্বার্থ রক্ষায় ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি।

টুইট প্রতিবেদক: সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি) নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা এ সংগঠন গঠনের সিদ্ধান্ত নেন। বৈঠকে প্রবীণ সাংবাদিক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ-এর সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম-এর সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, দ্য নিউ নেশন-এর সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম, মানব কণ্ঠ-এর সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ-এর সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, দ্য ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ওসমান গনি মনসুর এবং জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস উন নূর।

বৈঠকে অংশগ্রহণকারী সম্পাদকরা মত দেন যে, দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক শাসনামলে দেশের সংবাদমাধ্যমে যে অবক্ষয় ও সংকট সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে সম্পাদকদের একটি কার্যকর ও স্বাধীন প্ল্যাটফর্ম গড়ে তোলা সময়ের দাবি। এ প্রেক্ষাপটে ন্যাশনাল এডিটরস কাউন্সিল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছান।

সভায় সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং অল্প সময়ের মধ্যে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সংবাদপত্র সম্পাদকদের অংশগ্রহণে একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন উদ্যোগ
সংশ্লিষ্টদের মতে, সম্পাদকদের এই নতুন সংগঠন সংবাদমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নৈতিকতা ও সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে সম্পাদকদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও এনইসি কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।