কর্ণফুলীতে চোরাচলানির করার সময় নৌকা জব্দ

কোস্ট গার্ডের অভিযানে দেড় টন কয়লা, গম ও স্ক্র্যাপ উদ্ধার।
টুইট প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কয়লা, গম ও স্ক্র্যাপবোঝাই একটি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার রাত ৯টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন নদী এলাকায় পরিচালিত এ অভিযানে দেড় টন কয়লা, ৩০০ কেজি গম এবং ৩০ কেজি স্ক্র্যাপ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা কর্ণফুলী নদীতে সন্দেহভাজন একটি কাঠের নৌকায় তল্লাশি চালান। এ সময় নৌকাটিতে থাকা বিপুল পরিমাণ কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, জব্দকৃত মালামাল ও নৌকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে মালামালের মালিকানা, উৎস কিংবা সম্ভাব্য অবৈধ পরিবহনের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
নদীপথে নজরদারি জোরদার
কর্ণফুলী নদী চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযুক্ত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ নদীপথ ব্যবহার করে বৈধ পণ্য পরিবহনের পাশাপাশি মাঝে-মধ্যে চোরাচালান ও অবৈধ মালামাল পরিবহনের অভিযোগও উঠে আসে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বলছে, নদীপথে অবৈধ বাণিজ্য ও চোরাচালান রোধে সাম্প্রতিক সময়ে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও নদীবেষ্টিত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।






