জনগণের সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান এমপি বীথিকার

লক্ষ্মীপুরের পথসভায় দুর্নীতি, মাদক ও তরুণ সমাজ নিয়ে কঠোর বার্তা।
টুইট প্রতিবেদক: বীথিকা বিনতে হোসাইন বলেছেন, জনগণের অর্থ ও সরকারি বরাদ্দ কোনোভাবেই ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না। বরাদ্দের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে এবং ইনসাফভিত্তিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।
রোববার বিকেলে জেলার সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মেলগেইট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি দলের নেতাকর্মীদের দায়িত্ব শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং সমাজে ন্যায়বিচার ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করা। চাঁদাবাজি ও অনৈতিক ব্যবসায়িক চাপ থেকে নিজেদের বিরত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলতে দিতে হবে, কেউ যেন হয়রানির শিকার না হয়।”
এমপি বীথিকা আরও বলেন, তরুণ সমাজকে মেধাভিত্তিক ও সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার পরিবেশ ঠিক আছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। একই সঙ্গে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, রাজনীতিবিদের প্রকৃত দায়িত্ব হলো জনগণের সেবা করা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এবং একটি সুস্থ সমাজ গঠন করা।
সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।





