আক্কেলপুরে ফুটবল উন্মাদনা

ব্রাজিলকে হারিয়ে উৎসবমুখর প্রীতি ম্যাচে জয় আর্জেন্টিনা সমর্থকদের

টুইট ডেস্ক: আক্কেলপুরে বিশ্বকাপ শুরুর আগেই ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে ঈদের ছুটিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জমজমাট এই লড়াইয়ে শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা সমর্থকদের দল।

ঈদুল আজহার তৃতীয় দিনে শনিবার বিকেলে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী এই আয়োজন। খেলা শুরুর অনেক আগেই মাঠে জড়ো হন শত শত দর্শক। প্রিয় দলের জার্সি, পতাকা ও স্লোগানে পুরো মাঠ পরিণত হয় এক উৎসবমুখর ক্রীড়া অঙ্গনে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রতিটি আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা দেখা যায়। ব্রাজিল সমর্থকদের শক্ত প্রতিরোধের মুখেও আর্জেন্টিনা সমর্থকদের দল সুযোগ কাজে লাগিয়ে একমাত্র গোলটি আদায় করে নেয়। শেষ পর্যন্ত সেই গোলই গড়ে দেয় জয়ের ব্যবধান।

খেলা শেষে বিজয়ী আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ-উল্লাসে মাঠ মুখর হয়ে ওঠে। তবে পরাজয়ের পরও ব্রাজিল সমর্থকেরা খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন এবং খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের মতে, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এমন আয়োজন পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে।

আয়োজক পালপাড়া ক্রিকেট ক্লাবের সদস্য সাকলাইন মোস্তকিম বলেন, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই ম্যাচের আয়োজন করা হয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে এমন উদ্যোগ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় দর্শক রেজাউল জানান, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই আলাদা আবেগ ও উত্তেজনা। বিশ্বকাপ শুরুর আগেই এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ উপভোগ করতে পেরে দর্শকেরা দারুণ আনন্দিত। তাঁর মতে, ঈদের ছুটিতে এই আয়োজন আক্কেলপুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে এবং বিশ্বকাপ ঘিরে আগাম উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে।