ঝড়ে নির্মাণাধীন সেতু ধস, ভারতে নিহত ৬

উত্তর প্রদেশে রাতের ঝড়ে ভয়াবহ দুর্ঘটনা, ধ্বংসস্তূপে আটকা শ্রমিক
টুইট ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ–এ ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে নির্মাণাধীন একটি সেতু ধসে অন্তত ছয় শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৯ মে) গভীর রাতে হামিরপুর জেলার বেতওয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুটির একাংশ হঠাৎ ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কুরারা এলাকার মার্কান্ডা পারসনি ও নেথি গ্রামকে সংযুক্ত করতে সেতুটি নির্মাণ করা হচ্ছিল। ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টির সময় সেতুর নিচে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ একটি বিশাল কংক্রিটের স্ল্যাব ভেঙে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক নিহত হন।
দুর্ঘটনার পরপরই পুলিশ, জেলা প্রশাসন ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এখনো সেতুর একটি পিলারের ওপর তিনজন শ্রমিক আটকা পড়ে আছেন। তাদের জীবিত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নির্মাণকাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন শ্রমিকদের ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করানো হয়েছিল—তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।






