কালিহাতীতে নৌকাডুবি, প্রাণহানি নেই

ঈদগাঁ মাঠ থেকে ফেরার পথে বংশাই নদীতে আতঙ্ক।

টুইট প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী ২২ গ্রামের ধানগড়া ঈদগাহ মাঠসংলগ্ন বংশাই নদীতে ঈদের নামাজ শেষে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের দ্রুত উদ্ধার তৎপরতায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও ধানগড়া ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাতে প্রায় ১০ হাজার মুসল্লির সমাগম ঘটে। কালিহাতীর নাগবাড়ী ইউনিয়ন ও সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ এ জামাতে অংশ নেন।

ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার সময় বংশাই নদীতে যাত্রীবোঝাই একটি পারাপারের নৌকা ডুবে যায়। নৌকাটিতে মূলত চালাসরাই ও নালিয়াচালা গ্রামের মুসল্লিরা ছিলেন।

স্থানীয় বাসিন্দা আতর আলী জানান, অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়। নৌকায় বড়দের সঙ্গে একজন শিশুও ছিল। তবে সবাইকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং শিশুটিও আশঙ্কামুক্ত রয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নদীর দুই পাড়ের মানুষ দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে নৌকায় থাকা সবাই নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।