ঈদেও সতর্ক বনরক্ষী সদস্যদের

সুন্দরবনে ছুটি বাতিল, ড্রোনে নজরদারি

টুইট ডেস্ক: পবিত্র ঈদুল আজহার ছুটিতেও সুন্দরবনের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বনরক্ষীরা।

বন ও বন্যপ্রাণী সুরক্ষায় পূর্ব সুন্দরবনের কর্মকর্তা-কর্মচারীরা এবারও ঈদের ছুটি গ্রহণ না করে দায়িত্ব পালন করছেন। তারা কর্মস্থল ত্যাগ না করে বনাঞ্চলের বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, ঈদের সময় অসাধু চক্র হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের চেষ্টা চালায়। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে বনরক্ষীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সুন্দরবনের গহিন অঞ্চলে হেঁটে টহল দিচ্ছেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে।

তিনি বলেন, বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কর্মকর্তাদের সার্বক্ষণিক সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সন্দেহজনক চলাচল কিংবা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নদীপথ ও বনপথে নজরদারি বাড়ানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনে ঈদের ছুটিকালীন সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। বন সুরক্ষায় কোনো কর্মকর্তা বা বনরক্ষী কর্মস্থল ছাড়ছেন না। সুন্দরবনের প্রতিটি রেঞ্জ স্টেশন ও টহল ফাঁড়িতে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কেউ যাতে অবৈধভাবে বনাঞ্চলে প্রবেশ করতে না পারে, সে জন্য নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বন বিভাগের এই উদ্যোগে ঈদের সময় সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ লুটের ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।