দুঃস্থদের পাশে সহায়তার হাত বা বাড়ালেন

ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ, উপকারভোগীদের সন্তোষ
টুইট প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের বিত্তবানদেরও নৈতিক দায়িত্ব।
বুধবার (২৭ মে) বিকেলে ঈশ্বরদী শহরের ভেলুপাড়ায় নিজ বাসভবনে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
তিনি বলেন, সরকার ধারাবাহিকভাবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোকে তিনি সামাজিক ও নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
সংসদ সদস্য আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে হবে। একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, উপজেলা আইন সেক্রেটারি হাফিজুর রহমান খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজক সূত্রে জানা গেছে, এদিন সহস্রাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে নগদ সহায়তা বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।






