বজ্রপাতে নিভল শাহানারার জীবন

তিন সন্তান রেখে উপকূলের সংগ্রামী নারীর মর্মান্তিক মৃত্যু।
টুইট ডেস্ক: সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় বজ্রপাতে শাহানারা বেগম (৩০) নামে এক বিধবা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জীবিকার কঠিন সংগ্রামের মধ্যেই তিন সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাওয়া এই নারীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহানারা বেগম স্থানীয় জাকের মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সকালে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের মাছের ঘেরে থাকা মাকে খুঁজতে বের হন শাহানারা। পথিমধ্যে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, বজ্রপাতের পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেও শাহানারাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ভাষ্য, শাহানারার জীবন ছিল দারিদ্র্য, সংগ্রাম ও বঞ্চনার এক কঠিন প্রতিচ্ছবি। কিছুদিন আগে স্বামীর মৃত্যু হলে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। সন্তানদের মুখে খাবার তুলে দিতে কখনও অন্যের বাড়িতে কাজ, আবার কখনও মাছের ঘেরে দিনমজুর হিসেবে শ্রম দিতেন তিনি।
প্রতিবেশী দেলোয়ার হোসেন বলেন, “শাহানারা খুব শান্ত ও পরিশ্রমী মানুষ ছিলেন। আগে স্বামীর সঙ্গে জেলার বাইরে ইটভাটায় কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর একাই সন্তানদের মানুষ করার সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। এমন মৃত্যু সত্যিই হৃদয়বিদারক।”
শাহানারার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ছোট তিন সন্তানকে ঘিরে এখন নেমে এসেছে অনিশ্চয়তার গভীর অন্ধকার।
উপকূলীয় অঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগও বাড়ছে। সচেতন মহলের দাবি, দুর্যোগপ্রবণ এলাকায় বজ্রপাত থেকে সুরক্ষায় আগাম সতর্কতা ও জনসচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া






