সীমান্তে কড়াকড়ি নজরদারি

পুশইন ঠেকাতে দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির মাইকিং, বাড়ানো হয়েছে নজরদারি।

টুইট ডেস্ক: দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় পুশইন এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে দিন-রাত টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের পাশাপাশি স্থানীয়দের সতর্ক করতে নিয়মিত মাইকিংও করা হচ্ছে।

বুধবার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বিজিবি। পুশইন, মাদক ও অস্ত্র চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি কর্মকর্তারা বলছেন, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তৎপরতা বাড়তে পারে,এমন আশঙ্কায় আগে থেকেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গবাদিপশু পাচার ঠেকিয়ে দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি জানান, স্থানীয় জনগণকে সচেতন ও সজাগ রাখতে নিয়মিত সভা, প্রচার ও মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

সীমান্তবর্তী এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে পুশইন ও অনুপ্রবেশের আশঙ্কা ঘিরে স্থানীয়দের মধ্যেও সতর্কতা বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।