শ্রমিক অসন্তোষে উত্তাল ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক

বেতন ও বোনাসের দাবিতে সোনারগাঁয়ে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ, সংঘর্ষে ছত্রভঙ্গ।
টুইট প্রতিবেদক: সোনারগাঁয়ে বেতন ও বোনাসের দাবিকে কেন্দ্র করে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার দুপুরে উপজেলার টিপরদি এলাকায় অবস্থিত চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে তীব্র যানজট ছড়িয়ে পড়ে, যা টিপরদি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে স্থবিরতা তৈরি করে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ এপ্রিল মাসের বকেয়াসহ মে মাসের পূর্ণ বেতন ঈদের আগে পরিশোধে অনীহা দেখাচ্ছে। এ কারণেই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নামেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছাড়ার আহ্বান জানালেও উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছোড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ জানান, শ্রমিকদের অবরোধে মহাসড়কে ব্যাপক যানজট তৈরি হয়। পরে তাদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
অন্যদিকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ব্যবহার করা হয়েছে, তবে কোনো গুলি চালানো হয়নি।
দীর্ঘ যানজট ও সংঘর্ষের ঘটনায় পুরো মহাসড়কজুড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।






