বেতন-বোনাস দাবিতে মহাসড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম রুটে ১৭ কিলোমিটার যানজট

সোনারগাঁয়ে শ্রমিক আন্দোলনে উত্তেজনা,পুলিশ-শ্রমিক সংঘর্ষ, টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

টুইট প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপরদি এলাকায় বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের অবরোধে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আন্দোলনের জেরে টোলপ্লাজা থেকে মেঘনা অংশ পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার দুপুরে চৈতি গার্মেন্টস কারখানার শ্রমিকরা এপ্রিল মাসের বকেয়া ও ঈদ-ভাতাসহ বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ সম্পূর্ণ বেতন দিতে অনাগ্রহ প্রকাশ করায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নামেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানালেও তা ব্যর্থ হয়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি জানান, অবরোধের কারণে মহাসড়কের একটি বড় অংশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

অন্যদিকে সোনারগাঁ থানার ওসি দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড টিয়ারগ্যাস ব্যবহার করা হয়েছে, তবে কোনো গুলি চালানো হয়নি।

শ্রমিক অসন্তোষ ও বেতন সংকটকে কেন্দ্র করে এমন সড়ক অবরোধ আবারও দেশের শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।