উখিয়ায় ৩৫ লাখ টাকার ড্রেন ধসে পড়ল

উদ্বোধনের আগেই ভেঙে পড়া প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের।

টুইট প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলা সদর বাজারে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রায় ৩৫ লাখ টাকায় নির্মিত একটি ড্রেন প্রকল্প উদ্বোধনের আগেই ধসে পড়েছে। মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতেই ২৪০ ফুট দীর্ঘ ওই ড্রেনের একটি অংশ হেলে পড়ে এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ শুরুর সময় থেকেই নিম্নমানের ইট, সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়েছে। কিছু অংশে রড ছাড়া ঢালাই এবং দুর্বল দেয়াল নির্মাণের অভিযোগও উঠেছে। ফলে অল্প বৃষ্টিতেই পুরো কাঠামো দুর্বল হয়ে পড়ে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজ। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, কাজের শুরু থেকেই মান নিয়ে প্রশ্ন থাকলেও কার্যকর তদারকির অভাবে অনিয়মগুলো ধরা পড়েনি।

তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিয়মিত নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এমন নিম্নমানের কাজ সম্পন্ন হল;তা খতিয়ে দেখা জরুরি।

উখিয়া বাজারের ব্যবসায়ীরা বলেন, জনগণের অর্থে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও ঠিকাদার ও সংশ্লিষ্টদের গাফিলতিতে কাজের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

অন্যদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানিয়েছেন, বৃষ্টির পানির চাপেই ড্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিজ খরচে তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, শুধু মেরামত নয়;পুরো প্রকল্পের গুণগত মান পুনরায় যাচাই করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।