লাব্বাইকের ধ্বনিতে মুখর মিনা, শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা

লাখো মুসল্লির সমাগম, আরাফার পথে প্রস্তুতি; তীব্র গরমে বিশেষ সতর্কতা
টুইট ডেস্ক: পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সৌদি আরবের পবিত্র ভূমিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মিনার প্রান্তর। সোমবার ভোর থেকেই ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে আধ্যাত্মিক আবহে ভরে উঠেছে মক্কার আকাশ-বাতাস।
মিনা–তে সোমবার দিনভর ও রাতজুড়ে ইবাদত-বন্দেগির মাধ্যমে সময় কাটাবেন হজযাত্রীরা। হজের নিয়ম অনুযায়ী, পরদিন ৯ জিলহজ তারা রওনা দেবেন আরাফার ময়দান–এর উদ্দেশে। ইসলামে এটি ‘অকুফে আরাফা’ নামে পরিচিত এবং হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হিসেবে বিবেচিত।
হজের ধারাবাহিকতা অনুযায়ী, বুধবার পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতার গুরুত্বপূর্ণ অংশ সম্পন্ন হবে এবং শুরু হবে ঈদুল আজহা উদযাপন। পরে হাজিরা পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।
এদিকে হজের পবিত্র স্থানগুলোতে তীব্র তাপদাহ নতুন উদ্বেগ তৈরি করেছে। সৌদি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরাফায় অবস্থানের দিন তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
তীব্র গরমের প্রভাব কমাতে সৌদি কর্তৃপক্ষ বাড়তি ছাউনি, কৃত্রিম কুয়াশা তৈরির পাখা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং চিকিৎসা সহায়তা জোরদার করেছে। পাশাপাশি মোতায়েন রাখা হয়েছে বিশেষ চিকিৎসক দল ও ভ্রাম্যমাণ হাসপাতাল।
হজযাত্রীদের জন্য কর্তৃপক্ষের বিশেষ পরামর্শ— পর্যাপ্ত পানি পান, ছাতা ব্যবহার এবং অতিরিক্ত রোদ এড়িয়ে চলা। কারণ আধ্যাত্মিক এই মহাসমাবেশে স্বাস্থ্য সুরক্ষাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।






