এত অসহায় লাগে: নাবিলা

রামিসা হত্যাকাণ্ডে আবেগঘন প্রতিক্রিয়া অভিনেত্রীর।
টুইট প্রতিবেদক: শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী নাবিলা।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে যখন ক্ষোভ ও শোকের আবহ তৈরি হয়েছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। একজন মা হিসেবে শিশুদের নিরাপত্তাহীনতা তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র বনলতা সেন–এ নাম ভূমিকায় অভিনয় করা এই অভিনেত্রী নিজের ফেসবুক পোস্টে সমাজের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে হতাশা ও অসহায়ত্বের কথা তুলে ধরেন।
নাবিলা লিখেছেন,
“আর কোনো কথাতো বেরোয় না আমার। কী বলবো? কী বললে, কী করলে নিরাপদে থাকবে আমাদের শিশুরা? কেন মানুষ রূপে জন্ম নিয়েও সকলে হিংস্র প্রাণী হয়ে যাচ্ছে? সভ্য সমাজ বলতে কি আর কিছু আছে? কোথায় এর শেষ হবে? শেষ কি আছে এর কোনো? কোথায় যাবো? কি করবো? এতো অসহায় লাগে… এতো অসহায় লাগে….”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বহু ব্যবহারকারী শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক ঘটনাগুলো সমাজে শিশু সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা ও সামাজিক অবক্ষয়ের প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে।
বিশ্লেষকদের মতে, কেবল আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে শিশু সুরক্ষাবিষয়ক সচেতনতা ও নজরদারি জোরদার করাও এখন সময়ের দাবি।






