‘মেলোডি’ ফিরল আলোচনায়, মোদি-মেলোনির সেলফি ভিডিও ভাইরাল

রোমে সাক্ষাৎ, কূটনীতির বাইরে উষ্ণ মুহূর্তে সরব সামাজিক যোগাযোগমাধ্যম
টুইট ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতির আনুষ্ঠানিকতার বাইরে আবারও আলোচনায় উঠে এসেছে বহুল আলোচিত ‘মেলোডি’ ট্রেন্ড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি–কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
পাঁচ দেশ সফরের অংশ হিসেবে রোমে পৌঁছানোর পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। দুই নেতার একাধিক স্বতঃস্ফূর্ত মুহূর্ত ক্যামেরাবন্দি হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
সফরের একপর্যায়ে দুই নেতাকে একসঙ্গে কলোসিয়াম ঘুরে দেখতেও দেখা যায়। ঐতিহাসিক স্থাপনাটিকে পেছনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন মেলোনি। ক্যাপশনে তিনি লেখেন— “রোমে স্বাগতম, আমার বন্ধু।” সঙ্গে ছিল ভারত ও ইতালির পতাকার প্রতীক।
ছবিটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পড়ে। কয়েক মিলিয়নের বেশি মানুষ পোস্টটি দেখেছেন বলে জানা গেছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।
কেউ লিখেছেন, “মেলোনি জানেন কীভাবে অ্যালগরিদম কাজ করে”, আবার কেউ মন্তব্য করেছেন, “ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় কূটনৈতিক জুটি আবারও টাইমলাইন কাঁপাচ্ছে।” অনেকে এই জুটিকে “সেরা রাজনৈতিক জুটি” বলেও আখ্যা দিয়েছেন।
রাজনীতির গণ্ডি ছাড়িয়ে দুই নেতার বন্ধুত্বপূর্ণ উপস্থিতি এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন, কৌতূহল ও আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।






