হাসপাতালের খাবারে ক্ষোভ

খুলনা সদর হাসপাতালে রোগীদের খাবারের মান দেখে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী।
টুইট ডেস্ক: খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের জন্য পরিবেশিত খাবারের নিম্নমান নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের রান্নাঘরে প্রস্তুত খাবার মুখে নিয়েই তা ফেলে দেন তিনি।
পরে হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে প্রশ্ন ছুড়ে দেন“এটা যদি আপনার ওয়াইফ রান্না করতো, খেতেন?”
মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। রান্নাঘর পরিদর্শনের সময় রোগীদের জন্য প্রস্তুত কুমড়ার তরকারির মান নিয়ে তীব্র অসন্তোষ জানান তিনি।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রোগীদের এমন খাবার দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারের অবস্থাও পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, হুরে জান্নাত এবং মোছা. মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন।
স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের মতে, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবারের মান দীর্ঘদিন ধরেই সমালোচনার বিষয়। মন্ত্রীর এমন প্রকাশ্য অসন্তোষ হাসপাতাল ব্যবস্থাপনায় জবাবদিহি ও তদারকি জোরদারের বার্তা হিসেবেও দেখা হচ্ছে।






