সাবেক এমপিসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

ক্রসফায়ার হত্যা মামলা
টুইট ডেস্ক: ২০১৫ সালে বরিশালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে কথিত ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। একইসঙ্গে আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদনও খারিজ করা হয়েছে।
মামলার চার আসামির মধ্যে উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম এবং মো. জসিম উদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাবেক এসপি এ কে এম এহসানউল্লাহ পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ১৭ জুন শুরু হবে। এ মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন।
এর আগে চলতি বছরের ৩১ মার্চ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন ট্রাইব্যুনাল।
দীর্ঘদিন পর আলোচিত এ মামলায় বিচারিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে ঘটনাটির আইনি প্রক্রিয়া নতুন পর্যায়ে প্রবেশ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






