২০ বছরের ভোগান্তি কমাতে ড্রেন পরিষ্কার, সরেজমিনে রাসিক প্রশাসক

জলাবদ্ধতা নিরসনে মাঠে সক্রিয় সিটি কর্পোরেশন, স্বস্তিতে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। মঙ্গলবার সকালে এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও আবর্জনার কারণে মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলাবদ্ধতার দুর্ভোগে ভুগছিলেন। প্রশাসকের নির্দেশনায় গত সোমবার (১৮ মে) রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার সকালে পরিদর্শনের সময় প্রশাসক সংশ্লিষ্টদের কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং নগরবাসীর স্বার্থে কাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই দশক ধরে ওই এলাকার ড্রেন কার্যত অপরিষ্কার ছিল। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো জলাবদ্ধতা, যা দৈনন্দিন জীবনে বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘ সময় পর পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এলাকাবাসীর আশা, চলমান কার্যক্রম শেষ হলে বর্ষা মৌসুমে আগের মতো জলাবদ্ধতার দুর্ভোগ আর পোহাতে হবে না।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিক সচেতনতাও জরুরি। তিনি সবাইকে ড্রেনে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলার আহ্বান জানান।

সংশ্লিষ্টদের মতে, টেকসই সমাধানের জন্য নিয়মিত ড্রেন রক্ষণাবেক্ষণ ও জনসচেতনতা—দুই দিকেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।