নারী প্রশ্নে ‘পশ্চিমা দৃষ্টিভঙ্গি’ সমালোচনা

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের সভায় অধ্যক্ষ ইউনুসের বক্তব্য।
টুইট প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, নারী প্রশ্নকে পশ্চিমা দৃষ্টিভঙ্গিতে নয়; বরং দেশের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের আলোকে মূল্যায়ন করতে হবে। তার মতে, পশ্চিমা ধারণার অনুসরণে নারীর প্রকৃত নিরাপত্তা, মর্যাদা ও অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হয়নি।
রোববার রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সৈয়দ ফজলুল করীম রিসার্চ সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ত্রৈমাসিক সভা ও পর্যালোচনা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, দেশে বিভিন্ন নারীবাদী সংগঠন দীর্ঘদিন ধরে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করলেও বাস্তব জীবনে নারীদের নিরাপত্তা, কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। নারী প্রশ্নকে কেবল রাজনৈতিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখায় কার্যকর অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে পশ্চিমা সমাজব্যবস্থার মৌলিক পার্থক্য রয়েছে। এ কারণে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের প্রশ্নে দেশীয় ঐতিহ্য ও বিশ্বাসকে গুরুত্ব দিতে হবে।
মহিলা ইউনিটের সভানেত্রী নুরুস সাবিহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক জাতীয় নির্বাচন ও পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইসলামী আন্দোলনের ছাত্রী শাখা গঠনের বিষয়েও মতবিনিময় করা হয়।
সভায় কেন্দ্রীয় নেতাদের জন্য পূর্ণ পর্দা মেনে পৃথক বসার ব্যবস্থা রাখা হয় বলেও আয়োজক সূত্র জানিয়েছে।






