দিপুর শতকে শীর্ষে প্রাইম ব্যাংক

নাঈমের ৯৯ রানের ইনিংসও রুখতে পারেনি মোহামেডানের হার।

ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষস্থান দখলের লড়াইয়ে শেষ হাসি হাসল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শনিবার (১৬ মে) হাইভোল্টেজ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা। দলের জয়ের নায়ক শাহাদাত হোসেন দিপু, খেলেছেন ১১৮ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি ইনিংস।

টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহামেডান সংগ্রহ করে ৬ উইকেটে ৩০৩ রান। ওপেনার নাঈম শেখ ছিলেন ইনিংসের প্রধান ভরসা। ১০৭ বলে ৯ চার ও ২ ছক্কায় ৯৯ রান করে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থামেন তিনি। পারভেজ হোসেন ইমন করেন ৬৫ বলে ৫২ রান।

শুরুতে এনামুল হক বিজয় ও নাঈম শেখ ৪৩ রানের জুটি গড়েন। বিজয় ১৯ রান করে ফিরলেও তৃতীয় উইকেটে ইমনকে নিয়ে শতরানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত তৈরি করেন নাঈম। তবে মাঝের ওভারে রিশাদ হোসেন ও তাওহীদ হৃদয়ের ব্যর্থতায় কিছুটা চাপে পড়ে দল। রিশাদ করেন ৭ এবং হৃদয় ১৮ রান।

শেষদিকে আফিফ হোসেন ৪৯ বলে অপরাজিত ৪৯ এবং মোহাম্মদ সাইফউদ্দিন ১২ বলে ২০ রান করলে তিনশ পেরোয় মোহামেডান। প্রাইম ব্যাংকের হয়ে আবু হাশিম নেন ৪ উইকেট।

৩০৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৫৩ রানের উদ্বোধনী জুটি পায় প্রাইম ব্যাংক। আজিজুল হাকিম তামিম করেন ২০ রান, আরিফুল হক যোগ করেন ৩১। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ খেলেন ৫১ বলে ৩৬ রানের ইনিংস।

তবে পুরো ইনিংসে একপ্রান্ত আগলে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন শাহাদাত হোসেন দিপু। রিয়াদের বিদায়ের পর আকবর আলীকে সঙ্গে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। আকবর ৩০ বলে ৪০ রান করেন। পরে শামীম হোসেন পাটোয়ারীকেও নিয়ে দ্রুত রান তোলেন দিপু।

১২৩ বলে ১০ চার ও ২ ছক্কায় ১১৮ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয়ের খুব কাছে পৌঁছে দেন এই ডানহাতি ব্যাটার। দিপু আউট হওয়ার পর শেষদিকে শামীম পাটোয়ারীর ২১ বলে ৩৭ এবং আবু হায়দার রনির ৬ বলে ১৪ রানের ঝড়ো ইনিংসে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক।

এই জয়ে লিগের শীর্ষস্থান নিজেদের করে নিল প্রাইম ব্যাংক, আর মোহামেডানের জন্য শিরোপার লড়াই আরও কঠিন হয়ে উঠল।