সেমেনিওর গোলে এফএ কাপ ঘরে তুলল সিটি

চেলসিকে হারিয়ে এফএ কাপ জয়ে গার্দিওলার দল।
টুইট ডেস্ক: ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের স্বপ্ন এখনো বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। শনিবার ওয়েম্বলিতে অনুষ্ঠিত এফএ কাপের ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এর আগে মার্চে লিগ কাপ জয়ের স্বাদ পেয়েছিল সিটিজেনরা। এখন তাদের সামনে সবচেয়ে বড় লক্ষ্য ইংলিশ প্রিমিয়ার লিগের মুকুট। তবে শিরোপা দৌড়ে এখনো এগিয়ে আর্সেনাল। দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান মাত্র দুই পয়েন্ট। ফলে লিগ জিততে হলে নিজেদের বাকি দুটি ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি আর্সেনালের হোঁচটও কামনা করতে হবে সিটিকে।
গত দুই মৌসুমে এফএ কাপের ফাইনালে হতাশা সঙ্গী হয়েছিল ম্যানসিটির। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে অষ্টমবারের মতো ট্রফিটি ঘরে তুলল তারা। একই সঙ্গে ক্লাবটির কোচ হিসেবে পেপ গার্দিওলা নিজের শিরোপা সংখ্যা বাড়িয়ে নিলেন ২০-এ। এফএ কাপে এটি তার তৃতীয় সাফল্য।
ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে চেলসি। ২৭ মিনিটে আর্লিং হালান্ড বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। প্রথমার্ধের শেষ দিকে হালান্ডের আরও একটি শক্তিশালী প্রচেষ্টা ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ।
দীর্ঘ সময় গোলশূন্য লড়াইয়ের পর ৭২ মিনিটে আসে ম্যাচের নির্ধারক মুহূর্ত। বার্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে এগিয়ে যান হালান্ড। পরে তিনি বল বাড়ান আন্তোয়ান সেমেনিওর কাছে। চেলসি ডিফেন্ডার লেভি কোলউইলকে ফাঁকি দিয়ে দারুণ নিয়ন্ত্রণে নেওয়া বল কোনাকুনি শটে জালে পাঠান ঘানার এই ফরোয়ার্ড।
গোল হজমের পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু এনজো ফার্নান্দেজের নেওয়া সহজ সুযোগ ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে গেলে হতাশা আরও বাড়ে ব্লুজদের শিবিরে।
শেষ পর্যন্ত ওই এক গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। এফএ কাপ জিতে মৌসুমে দ্বিতীয় শিরোপা নিশ্চিত করলেও এখন ম্যানসিটির পুরো মনোযোগ প্রিমিয়ার লিগে। মঙ্গলবার বোর্নমাউথের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে গার্দিওলার দল।
লিগ শিরোপা শেষ পর্যন্ত তাদের হাতে উঠবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে সম্ভাব্য বিদায়ী মৌসুমে গার্দিওলা অন্তত দুটি ট্রফি জিতে মৌসুম স্মরণীয় করে রাখলেন।






