সন্ধ্যার আগেই ৭ জেলায় ঝড়ের শঙ্কা, বজ্রবৃষ্টি নিয়ে সতর্কতা

রংপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত ৭ অঞ্চলে দমকা হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
টুইট ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
শনিবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।






