মসজিদ থেকে সমাজ বদলের বার্তা, বান্দরবানে শ্রেষ্ঠ ৩ ইমাম পেলেন সম্মান

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: ইমাম মানে শুধু নামাজে নেতৃত্ব দেওয়া নয়-অনেক ক্ষেত্রে তিনি শিক্ষক, সমাজের পরামর্শদাতা, সালিশকারী এবং মানুষের আস্থার জায়গা। সেই দায়িত্বশীল ভূমিকাকে আরও শক্তিশালী করতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম বাছাই ও ইমাম সম্মেলন।
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের আয়োজনে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ তিন ইমামের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
এবার শ্রেষ্ঠ ইমাম হিসেবে প্রথম হয়েছেন রোয়াংছড়ি মডেল মসজিদের খতিব মাওলানা ফজলুল কাদের চৌধুরী। দ্বিতীয় স্থান অর্জন করেন বান্দরবান সদর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম এবং তৃতীয় হন লামা কাটাপাহাড় জামে মসজিদের খতিব মাওলানা মো. হাবিব উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, সমাজে ইমামদের দায়িত্ব কেবল ইমামতিতে সীমাবদ্ধ নয়, সমাজ গঠনে তাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
জানা গেছে, নির্বাচিত এই তিন ইমাম পরবর্তীতে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
পাহাড়ের রোয়াংছড়ি, লামা ও সদর উপজেলার প্রতিনিধিত্ব করা এই ইমামদের সাফল্য এখন শুধু ব্যক্তিগত অর্জন নয়; ভালো ফল করলে তা উজ্জ্বল করবে পুরো পাহাড়ের মুখও।






