ভলকার তুর্ককে ঘিরে এনসিপির কূটনৈতিক তৎপরতা

দক্ষিণ কোরিয়ার মানবাধিকার ফোরামে এনসিপি প্রতিনিধিদলের অংশগ্রহণ।

টুইট প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)–এর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই আন্তর্জাতিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক।

এনসিপি প্রতিনিধিদলকে দেখে উচ্ছ্বাস

ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভলকার তুর্ক এনসিপি প্রতিনিধিদলকে সেখানে উপস্থিত দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বলে দলীয় সূত্র জানিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে তার কার্যালয়ের চলমান ভূমিকার কথাও এ সময় উল্লেখ করা হয়।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভলকার তুর্ক বাংলাদেশ সফর করেছিলেন। সেই সফরে তিনি দেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা এবং নাগরিক স্বাধীনতা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মানবাধিকার উন্নয়নের প্রত্যাশা

আয়োজকদের মতে, “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬” এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শহরগুলোতে মানবাধিকারভিত্তিক নগরনীতি ও নাগরিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও এ আয়োজন কার্যকর অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।