এসএসসি-এইচএসসি পরীক্ষার নতুন সূচি ঘোষণা

২০২৭ সালে ৭ জানুয়ারি শুরু এসএসসি, ৬ জুন এইচএসসি।

টুইট প্রতিবেদক: ২০২৭ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা এবং ৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এছাসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুইটি পাবলিক পরীক্ষার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি।

ঘোষিত সূচি অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, শুরুতে ডিসেম্বর মাসে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আপত্তির কারণে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

তিনি বলেন, শিক্ষার্থীরা যেন পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়, সেদিক বিবেচনায় পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় রোধে কঠোর নজরদারির হুঁশিয়ারিও দেন তিনি।

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।