শিক্ষার মানোন্নয়নে সবার অংশগ্রহণ জরুরি: এমপি আজহারুল ইসলাম

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক অভিভাবক ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, শিক্ষার কোনো বিকল্প নেই। একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান ভিত্তি হচ্ছে শিক্ষা।

তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো সমাজই টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। একটি শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে।

এজন্য শুধু বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও জরুরি। প্রাথমিক শিক্ষা একজন শিশুর ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। তাই প্রাথমিক স্তর থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও আরও গতিশীল করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন, এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আলী এবং শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।