রিটেইলে মিলবে টফি সাবস্ক্রিপশন: গ্রাহকদের জন্য নতুন সুবিধা

কার্ড বা ডিজিটাল ওয়ালেট ছাড়াই সহজে ওটিটি সেবা কেনার সুযোগ; ডিজিটাল বিভাজন কমাতে বাংলালিংক-টফির যৌথ উদ্যোগ।
নিজস্ব প্রতিবেদক: দেশের সর্বস্তরের মানুষের কাছে ডিজিটাল বিনোদন সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংক এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এখন থেকে শুধু বাংলালিংক নয়, যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকরাই সারা দেশের স্থানীয় রিটেইল পয়েন্ট থেকে সরাসরি টফির সাবস্ক্রিপশন কিনতে পারবেন।
এই উদ্যোগের মাধ্যমে দেশে প্রথমবারের মতো টেলিকম-চালিত রিটেইলভিত্তিক ওটিটি সাবস্ক্রিপশন সেবা চালু হলো। এতদিন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে ক্রেডিট কার্ড, অ্যাপ স্টোর অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটের প্রয়োজন হতো, যা অনেক গ্রাহকের জন্য জটিল ছিল। নতুন ব্যবস্থায় এসব ঝামেলা ছাড়াই নিকটস্থ রিটেইল দোকান থেকে সহজেই সাবস্ক্রিপশন নেওয়া যাবে।
বিশেষ করে যারা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় অভ্যস্ত নন, তাদের জন্য এই উদ্যোগ বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে। এতে গ্রাহকরা নগদ অর্থেই সাবস্ক্রিপশন কিনে টফির প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করতে পারবেন।
বর্তমানে টফিতে দেশি-বিদেশি অসংখ্য সিনেমা, টিভি সিরিজ ও বিনোদনমূলক কনটেন্ট রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্টুডিওর কনটেন্ট এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।
বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, মানুষের বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়েই তারা এই উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, মানসম্মত বিনোদন সবার জন্য নিশ্চিত করতে এবং ডিজিটাল পেমেন্ট সুবিধাবিহীন গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে বাংলালিংকের বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ দেশের ডিজিটাল বিভাজন কমাতে সহায়তা করবে এবং প্রযুক্তিগত ও আর্থিক প্রতিবন্ধকতা দূর করে সবার জন্য বিনোদন সহজলভ্য করবে।
বাংলালিংক ও টফির এই যৌথ উদ্যোগকে দেশের ডিজিটাল ইকোসিস্টেম উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।






