উন্নয়নের রাজনীতির বার্তা দিলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে সড়ক, খাল পুনঃখনন ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্প উদ্বোধন।
টুইট প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার জনকল্যাণ ও উন্নয়নকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী। দেশের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন সড়ক উন্নয়ন ও খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই রাস্তা নির্মাণ, খাল পুনঃখনন এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।
এদিন তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহমুদুল্লাহ।
পরে হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা-বাহিরশিমুল সড়ক উন্নয়ন কাজ, কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা খাল এবং সদর ইউনিয়নের কচুন্দরা এলাকার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর তিনি হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।
হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মোহাম্মদ জাকির হোসেন বাবলু, লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং রুকুনোজ্জামান রোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
সভায় স্থানীয় বাসিন্দারা মিনি স্টেডিয়াম, হাসপাতাল, ফায়ার সার্ভিস স্টেশন এবং বিভিন্ন সড়ক উন্নয়নের দাবি তুলে ধরলে প্রতিমন্ত্রী সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।





