রাজশাহীর উন্নয়নে একসাথে কাজ করবে রাসিক ও চেম্বার

রাসিক-চেম্বার বৈঠক। শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের অঙ্গীকার।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে সামনে রেখে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ মে) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকে ঘিরে নগর উন্নয়ন, শিল্পাঞ্চল সম্প্রসারণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। চেম্বারের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহীর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়নের গতি বাড়ানো, বিসিক-২ চালু, দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন এবং ব্যবসাবান্ধব প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে একটি আধুনিক, সবুজ, পরিকল্পিত ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করছে। তিনি বলেন, “নগর উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য ব্যবসায়ী সমাজের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। শিল্পায়ন, ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে রাজশাহীকে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন ও উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।
সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং নাগরিক সেবা কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি নগরীর সামগ্রিক উন্নয়নে রাসিককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুর রহমান শান্তন, সহ-সভাপতি আলহাজ জিয়াউদ্দিন আহমেদসহ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা। এছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমও উপস্থিত ছিলেন।






