কাঁটাতার ইস্যুতে কড়া বার্তা

সীমান্তে ‘ভয় দেখানোর রাজনীতি’ চলবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

টুইট প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ কিংবা সরকার,কেউই কাঁটাতারকে ভয় পায় না।

সোমবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি জানান, ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শুভেন্দু অধিকারীর ভাষ্য অনুযায়ী, সীমান্ত নিরাপত্তা এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিবর্তনের বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশ-ভারতের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্তের মধ্যে পশ্চিমবঙ্গ অংশের প্রায় ৫৬৩ কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রয়োজন হলে বাংলাদেশ যথাযথ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করবে। তিনি বলেন, “যদি মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চান, তাহলে মানবিক আচরণ দেখাতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, অতীতে সীমান্তে গুলি করে হত্যা ও মরদেহ ঝুলিয়ে রাখার মতো ঘটনা ঘটেছে, যা আর গ্রহণযোগ্য হবে না। তার ভাষায়, “হাসিনার সময়কার সেই ধরনের সীমান্ত পরিস্থিতি আর ফিরে আসবে না, ইনশাআল্লাহ।”

উপদেষ্টা আরও সতর্ক করে বলেন, কেউ যদি আগের ধাঁচের সীমান্ত নীতি অনুসরণ করতে চায়, তাহলে বাংলাদেশও বসে থাকবে না। দেশের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

প্রতিবেদনটি সীমান্ত রাজনীতি, নিরাপত্তা এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন উত্তেজনার ইঙ্গিত বহন করছে।