কোরআনের আলো নিভবে না: গোলাম পরওয়ার

‘কোরআন দিবস’ উপলক্ষে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান।
টুইট প্রতিবেদকঃ মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পৃথিবীর কোনো অপশক্তিই পবিত্র আল-কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে না। আল-কোরআন মানবজাতির মুক্তি, ন্যায়বিচার, শান্তি ও মানবিক মর্যাদার একমাত্র নির্ভরযোগ্য দিকনির্দেশনা বলেও মন্তব্য করেন তিনি।
রোববার ‘কোরআন দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুগে যুগে ইসলামবিদ্বেষীরা কোরআনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। কিন্তু মহান আল্লাহ নিজ দায়িত্বে তাঁর কিতাব সংরক্ষণ করেছেন। ফলে কোনো ষড়যন্ত্রই কোরআনের চিরন্তন আলোকে মুছে দিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কোরআনের মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ এবং ইসলামের প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১ মে ‘কোরআন দিবস’ পালন করা হয়। দিনটি বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ও বেদনাবিধুর বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, পবিত্র কোরআনের সম্মান রক্ষায় এ দেশের ঈমানদার ছাত্র-জনতা যেভাবে রাজপথে নেমে এসেছিল, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বর্তমান প্রজন্মকে কোরআনের শিক্ষা, ইতিহাস ও আদর্শ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়মুক্ত কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব।
বিবৃতিতে তিনি দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের কোরআনের শিক্ষা ধারণ ও অনুশীলনের আহ্বান জানান।
একইসঙ্গে ১১ মের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রূহের মাগফিরাত কামনা করেন।






