কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আহ্বান

গাইবান্ধায় জামায়াতের বৈঠকে মাওলানা আবদুল হালিমের বক্তব্য

টুইট প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে সংগঠনের সকল পর্যায়ের জনশক্তিকে দেশ ও জাতির সেবায় জান ও মালের কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি আর্থিক কুরবানির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত পৃথক বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা মজলিশে শূরা, কর্মপরিষদ, উপজেলা আমির-সেক্রেটারি, নারী ইউনিট এবং ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তি অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির মো. আব্দুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক

সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার। এছাড়া বক্তব্য ও আলোচনায় অংশ নেন ডা. আব্দুর রহিম সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, অধ্যাপক মাজেদুর রহমান, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সৈয়দ রোকনুজ্জামান, মো. ফয়সাল কবির রানা এবং জেলা শিবিরের নেতৃবৃন্দ।

প্রাক্তন জনশক্তির উদ্দেশে মাওলানা আবদুল হালিম বলেন, ছাত্রজীবনের ত্যাগ, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে বৃহত্তর আন্দোলনের মজবুত ভিত্তি গঠনে কাজে লাগাতে হবে। একই সঙ্গে পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে সচেতন থেকে জ্ঞান ও আমলের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সংগঠনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন এবং ন্যায়ভিত্তিক ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা।