উদীয়মান এশিয়ান তারকাদের বিশ্বকাপ মঞ্চ

জর্ডান-কাতার-অস্ট্রেলিয়ার তরুণদের ঘিরে বাড়ছে প্রত্যাশা

টুইট প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের মঞ্চ বরাবরই নতুন তারকার জন্ম দেয়। ২০২৬ আসরেও এশিয়ার কয়েকজন তরুণ ফুটবলারের দিকে বিশেষ নজর থাকবে সমর্থক ও বিশ্লেষকদের। এবার এশিয়া থেকে অংশ নিচ্ছে ৯টি দেশ।

সেই দলগুলোর কয়েকজন উদীয়মান ফুটবলার ইতোমধ্যে ক্লাব ও জাতীয় দলে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন। বিশ্বমঞ্চে তারা হয়ে উঠতে পারেন নতুন আলোচিত নাম।

জর্ডানের ফরোয়ার্ড ইব্রাহিম সাবরা এরই মধ্যে ইউরোপীয় ফুটবলে নজর কেড়েছেন। দেশের আল ওয়েহদাত এসসি থেকে উঠে এসে তিনি তুরস্কের গোজতেপে যোগ দেন।

পরে ক্রোয়েশিয়ার লোকোমোটিভ জাগরেবে ধারে খেলেও সাফল্য পান। আক্রমণভাগে তার শারীরিক শক্তি, আকাশি বল দখলের দক্ষতা এবং পেনাল্টি বক্সে বুদ্ধিদীপ্ত অবস্থান নেওয়ার ক্ষমতা তাকে আলাদা করেছে। জাতীয় দলের হয়ে অল্প কয়েকটি ম্যাচ খেললেও কোচ জামাল সেল্লামির আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি।

জর্ডানের আরেক সম্ভাবনাময় নাম ওদেহ আল ফাখুরি। আল হুসেইন ইবরিদের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তিনি দলকে লিগ শিরোপা জেতাতে ভূমিকা রাখেন।

এরপর মিশরের পিরামিডস এফসিতে যোগ দেন। গতিময় ফুটবল এবং সংকীর্ণ জায়গায় বল নিয়ন্ত্রণের দক্ষতার কারণে তরুণ এই ফরোয়ার্ডকে জর্ডানের ভবিষ্যৎ আক্রমণভাগের অন্যতম ভরসা হিসেবে দেখা হচ্ছে।

অস্ট্রেলিয়ার নেস্টোরি ইরানকুন্ডা ইতোমধ্যে ইউরোপীয় ফুটবলে আলোচনায় উঠে এসেছেন। অ্যাডিলেড ইউনাইটেডে নিজেকে প্রমাণ করার পর তিনি বায়ার্ন মিউনিখের রিজার্ভ দলে সুযোগ পান।

পরে সুইজারল্যান্ডের গ্রাসহোপার্স ঘুরে বর্তমানে খেলছেন ইংল্যান্ডের ওয়াটফোর্ডে।

অস্ট্রেলিয়ার হয়ে ১৩ ম্যাচে পাঁচ গোল করা এই আক্রমণভাগের ফুটবলারের মূল শক্তি একক লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা।

কাতারের আহমেদ আল রাউইও নজরকাড়া এক তরুণ প্রতিভা। অ্যাস্পায়ার একাডেমি থেকে উঠে আসা এই ফরোয়ার্ড আল রায়ানে ক্যারিয়ার শুরু করেন। পরে স্পেনের আলকোরকোনে ধারে খেলেন। বর্তমানে কাতার এসসির হয়ে খেলছেন তিনি।

দ্রুত গতি, নিখুঁত ফিনিশিং এবং আক্রমণে কার্যকর উপস্থিতির কারণে বিশ্বকাপে কাতারের বড় ভরসা হতে পারেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞ তারকাদের পাশাপাশি নতুন মুখও আলো ছড়ান। এশিয়ার এই তরুণ ফুটবলারদের ঘিরে তাই বাড়ছে প্রত্যাশা।

নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে তারাই হয়ে উঠতে পারেন আসরের নতুন চমক।