আমি ফেরেশতা নই, সাধারণ মানুষ: থালাপতি বিজয়

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে থালাপতি বিজয়ের আত্মপরিচয়ের ঘোষণা

টুইট ডেস্ক: ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়) বলেছেন, তিনি কোনো অতিমানব নন, বরং একজন সাধারণ মানুষ-যার ওপর জনগণ আস্থা রেখেছে।

রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছ থেকে শপথ গ্রহণের পর নিজের প্রথম ভাষণে তিনি এসব কথা বলেন।

বিজয় বলেন, “আমি কোনো ফেরেশতা নই, আমি একজন সাধারণ মানুষ। আমরা আপনাদের দেখাশোনা করব।” তিনি জনগণের প্রতি আস্থা ও দায়বদ্ধতার কথা উল্লেখ করে জানান, তার সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করবে না।

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আরও বলেন, তার লক্ষ্য হবে “প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের একটি যুগ” প্রতিষ্ঠা করা। একইসঙ্গে তিনি জনগণের কাছে কিছুটা সময় চেয়েছেন, যাতে তার কাজের ফল তারা নিজেরাই মূল্যায়ন করতে পারেন।

সরকার পরিচালনার বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে বিজয় বলেন, “আমি ছাড়া ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র।” তার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, তিনি সরকার পরিচালনায় একক নেতৃত্ব বজায় রাখতে চান।

শপথ অনুষ্ঠানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভিনন্দন জানান এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

নির্বাচনী হলফনামা অনুযায়ী বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৬২৪ কোটি রুপি। এর মধ্যে রয়েছে ব্যাংক সঞ্চয় ও ফিক্সড ডিপোজিট।

তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসন পেয়ে রাজ্যের সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করে। পরে কংগ্রেস, বাম দল ও অন্যান্য জোটসঙ্গীর সমর্থনে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।

নতুন মন্ত্রিসভায় এন আনন্দ, আধব অর্জুন, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ানসহ মোট নয়জন মন্ত্রী শপথ নিয়েছেন।

শপথ অনুষ্ঠানে ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, বিজয়ের পরিবার এবং চলচ্চিত্র জগতের অনেক তারকা উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিতে এসে বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে, যা আগামী দিনে রাজ্যের রাজনৈতিক ভারসাম্যকে আরও বদলে দিতে পারে।