বলীখেলায় মাসুমের টানা জয়

শতবর্ষী ঐতিহ্যের আসরে আবারও চ্যাম্পিয়ন মহেশখালীর মাসুম বলী।
টুইট প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন মহেশখালীর মাছুম বলী। শনিবার বিকেলে পৌরসদরের বৈলতলী রোডে আয়োজিত প্রতিযোগিতায় তিনি বোয়ালখালীর কাঞ্চন বলীকে পরাজিত করে শিরোপা জেতেন।
এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি।
শতবর্ষী এই বলীখেলায় অর্ধশতাধিক বলী অংশ নেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এনামুল হক এনাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমজু মিয়ার বলীখেলা শুধু ক্রীড়া আয়োজন নয়, এটি পটিয়ার শত বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।
গ্রামবাংলার শারীরিক সক্ষমতা, সাহস ও ভ্রাতৃত্ববোধের পরিচায়ক হিসেবে এই আয়োজন এখনো মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার গুরুত্বও তুলে ধরেন তিনি।
বলী খেলা উদযাপন পরিষদের আহ্বায়ক আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, খোরশেদ আলম, মোজাম্মেল হক, মঈনুল আলম ছোটন, ওয়াহিদুল আলম পিবলু ও হাবিবুর রহমান রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।






