পটুয়াখালীতে উন্নয়নে ৪০০ কোটি টাকার বরাদ্দ দাবি 

বিএনপি সরকারের সময়ে জেলার উন্নয়নে ব্যাপক প্রকল্প বাস্তবায়নের আশ্বাস, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা।

টুইট প্রতিবেদক: পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, স্বল্প সময়ের মধ্যেই পটুয়াখালীর উন্নয়ন কার্যক্রমে প্রায় ৪০০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। তিনি দাবি করেন, বিএনপি সরকারের শীর্ষ নেতৃত্ব সবসময় পটুয়াখালীকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও জেলার উন্নয়নে অগ্রাধিকার অব্যাহত থাকবে।

শনিবার দুপুরে পটুয়াখালী ব্যায়ামাগারে জেলা, পৌর ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পটুয়াখালীকে নিজেদের জেলা হিসেবে বিবেচনা করতেন। বর্তমান সরকারের প্রধান তারেক রহমানও একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন। ইতোমধ্যে তাকে পটুয়াখালী সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “নির্বাচনে বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছেন জনগণ। তাই আমি সকলের কাছে দায়বদ্ধ। যারা আমাকে ভোট দেননি কিংবা বিরোধিতা করেছেন, তাদের প্রতিও আমার সমান দায়িত্ব রয়েছে।”

আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে সহনশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনেক নিরীহ মানুষ আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তবে যারা দুর্নীতি, সন্ত্রাস, দখল ও লুটপাটে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে আলতাফ হোসেন বলেন, অতীতে উন্নয়ন বরাদ্দের চাল, গম ও অর্থ ভুয়া মাস্টাররোলের মাধ্যমে আত্মসাতের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি জানান, সংসদ সদস্যের ডিও লেটার ছাড়া কোনো উন্নয়ন কাজ অনুমোদন দেওয়া হবে না।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া। সঞ্চালনা করেন জেলা যুবদল নেতা অ্যাডভোকেট আল আমিন সুজন। সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, জেসমিন জাফর, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, মনিরুজ্জামান টিটু ও ইউপি চেয়ারম্যান আবদুস সালাম মৃধা।

এর আগে আলতাফ হোসেন চৌধুরী ২৫০ শয্যাবিশিষ্ট পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালটিকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও বর্তমানে চিকিৎসক, নার্স ও জনবলের ঘাটতি রয়েছে।

তবে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি।