শেষ ওভারের নাটকীয়তায় হিল্লোল রায়ের ঝলক, বান্দরবান পৌরসভার ডাবল শিরোপা জয়

শেষ ওভারের এক বলে এক উইকেট নিয়ে আলোচনায় হিল্লোল রায়, বান্দরবান পৌরসভার ডাবল শিরোপা।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বান্দরবান পর্বে ক্রিকেটে বালক ও বালিকা-উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান পৌরসভা দল। প্রতিযোগিতার ফাইনালগুলোতে দাপুটে জয় তুলে নিয়ে তারা পুরো আসরে আধিপত্য দেখায়।

বালক বিভাগের ফাইনালে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় পৌরসভা দল। ২২ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন মিনহাজুল ইসলাম। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালেও একই ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। লামা দলকে মাত্র ৬৫ রানে অলআউট করার পর ৬৮ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় পৌরসভা। ১৭ বলে ১৯ রান করে বালিকা ফাইনালের সেরা খেলোয়াড় হন আয়েশা সিদীকা।

তবে পুরো টুর্নামেন্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পাহাড়ি তরুণ অলরাউন্ডার হিল্লোল রায়। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ফাইনালের নাটকীয় মুহূর্তে শেষ ওভারে মাত্র এক বলে এক উইকেট নিয়ে লামা দলকে অলআউট করে দেন তিনি। তার এমন পারফরম্যান্সে তাকে আসরের সেরা অলরাউন্ডার হিসেবে ঘোষণা করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, মজিবুর রশীদ, কোচ রাহুল বিশ্বাসসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা। আগামী ১০ মে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়ানো এবং প্রতিভা অন্বেষণের সুযোগ তৈরি হচ্ছে।