মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

ব্রিগেডে শপথ, মোদী-শাহর উপস্থিতিতে নতুন সরকারের যাত্রা।
টুইট ডেস্ক: কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে জাঁকজমকপূর্ণ আয়োজনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি। ফল ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রী পদে কে আসছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হন শুভেন্দু অধিকারী।
শপথ অনুষ্ঠানে শুভেন্দুর পাশাপাশি আরও পাঁচজন মন্ত্রী হিসেবে শপথ নেন। তারা হলেন—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।
নির্বাচনের আগে থেকেই দলীয় শীর্ষ নেতৃত্ব ইঙ্গিত দিয়ে আসছিল, পশ্চিমবঙ্গের নেতৃত্বে এমন একজনকে আনা হবে যিনি বাংলার রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সেই আলোচনায় সবচেয়ে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে বড় জয় পাওয়ার পর সেই সম্ভাবনা আরও জোরালো হয়ে ওঠে।
শুক্রবার বিধায়কদলের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম ঘোষণা করেন অমিত শাহ। তিনি জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য জমা পড়া সব প্রস্তাবেই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় কোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির এ বিজয় রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা করল। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর সামনে এখন প্রশাসনিক স্থিতিশীলতা, উন্নয়ন ও রাজনৈতিক ভারসাম্য রক্ষার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।






