সরকার গঠনে টানাপোড়েন

সংখ্যাগরিষ্ঠতা না মেলায় শপথ অনিশ্চিত, দোদুল্যমান তামিলনাড়ুর রাজনীতি।

টুইট ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নাটকীয় অনিশ্চয়তা তৈরি হয়েছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) ঘিরে।

প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করতে না পারায় আজ শনিবার বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

রাজভবন সূত্র জানিয়েছে, এখনো পর্যন্ত সরকার গঠনের সাংবিধানিক শর্ত পূরণ করতে পারেননি তিনি।

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনের সমর্থন। সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পেলেও সংখ্যাগরিষ্ঠতার ঘাটতি পূরণে জোট নির্ভর কৌশল নেয় টিভিকে।

শুক্রবার রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে বৈঠকে বিজয় ১১৮ বিধায়কের সমর্থনের দাবি করলেও পরে সেই হিসাব টেকেনি।

রাজভবন সূত্রে জানা গেছে, রাজ্যপাল লিখিত সমর্থনের তালিকা জমা দিতে বলেছিলেন। তবে শেষ পর্যন্ত বিজয় শিবির মাত্র ১১৬ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এতে সরকার গঠনের পথ আরও জটিল হয়ে উঠেছে।

এদিকে সম্ভাব্য মিত্রদের অবস্থানও টিভিকের জন্য হতাশাজনক হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা বিজয়ের নেতৃত্বাধীন জোটের অংশ নয়।

অন্যদিকে টি টি ভি দিনাকরণের দল এএমএমকেও রাজ্যপালের কাছে চিঠি দিয়ে এআইএডিএমকেকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে কংগ্রেস তাদের পাঁচ বিধায়ককে নিরাপদে রাখতে হায়দরাবাদে সরিয়ে নিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

বাম দল সিপিআই ও সিপিএম টিভিকেকে বাইরে থেকে সমর্থনের আশ্বাস দিলেও সরকারে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

তবে টিভিকে শিবির এখনো আশাবাদ ছাড়েনি। দলের বিধায়ক মেরি উইলসন দাবি করেছেন, “বিজয়ই মুখ্যমন্ত্রী হবেন। শুধু এই মেয়াদ নয়, ভবিষ্যতের রাজনীতিতেও তিনিই নেতৃত্ব দেবেন।”

দীর্ঘ ৬২ বছর ধরে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের যে একচ্ছত্র আধিপত্য ছিল, এবারের নির্বাচনে সেখানে বড় ধাক্কা দিয়েছেন থালাপতি বিজয়।

কিন্তু নির্বাচনী সাফল্যের পরও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তার রাজনৈতিক উত্থানকে কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।

বিশ্লেষকদের মতে, আগামী কয়েক ঘণ্টাই নির্ধারণ করবে তামিলনাড়ুর ক্ষমতার সমীকরণ কোন দিকে মোড় নেয়।